সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারেফ হোসেন শাজাহানের ছেলে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও রাজনীতিবিদ আসিফ আলতাফ বলেছেন, সাংবাদিকতার মতাদর্শ হোক দলমত নির্বিশেষে সবার জন্য। ঠিক এমনই একজন সাহসী সাংবাদিক হলেন নজরুল হক অনু। গতকাল রাতে ভোলার বাংলা স্কুলের ভাষানী মঞ্চে ভোলা সাংবাদিক সংস্থা আয়োজিত সাংবাদিক নজরুল হক অনুর সাংবাদিকতার চল্লিশ বছর পূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন এই সঙ্গীতশিল্পী। বক্তব্য শেষে সাংবাদিক অনুর হাতে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিক নজরুল হক অনুর সাংবাদিকতার চল্লিশ বছরের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। তার সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা এবং মরহুম মোশারেফ হোসেন শাজাহান মিয়ার রাজনৈতিক কর্মময় জীবনের স্মৃতিচারণ করে ভোলার প্রথম সাহিত্য পত্রিকা ‘মেঘনা’র সম্পাদক সাংবাদিক আবু তাহের বলেন, তখন হাতেগোনা কয়েকজনের মধ্যে অনু ছিলেন বস্তুনিষ্ঠ এক সংবাদদাতা। জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি শহিদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং তরুণ উপস্থাপক তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি ও সঙ্গীতশিল্পী হাসান মাহমুদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, অ্যাডভোকেট বাছেত পাটোওয়ারী, সাংবাদিক হাসান সরদার জুয়েল, সাংবাদিক নজরুল হক অনু, জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, সাংবাদিক নাসির লিটন প্রমুখ। বক্তব্য শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





