বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে অষ্টম বারের মতো আয়োজন করছে দেশের একমাত্র নন ফিকশন বইমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ২৮ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা।
গতকাল বৃহস্পতিবার ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আব্দুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে বণিক বার্তা ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো: বদরুল আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, যুগ্ম বার্তা সম্পাদক মো: সাইফুল ইসলাম, বণিক বার্তার বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিংয়ের উপমহাব্যবস্থাপক মঞ্জুর হোসাইন ও সহকারী মহাব্যবস্থাপক মো: আমিনুল ইসলাম।
তিনি বলেন, সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর সর্বমোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে।
এগুলো হচ্ছে- অনন্যা, আদর্শ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, অ্যাকাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লি., ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জয়তী, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বেঙ্গলবুকস, মাওলা ব্রাদার্স, রকমারি, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ ও হাওলাদার প্রকাশনী।