নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে বিল্লাল (৪৫) নামের এক ডাকাত নিহত এবং তার সহযোগী এক নারী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাহেন্দী গ্রামের বাসিন্দা জাকিরের বাড়িতে ডাকাতি করতে আসে বিল্লাল (৪৫) এবং তার সহযোগী লাভলীসহ (২৫) ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল। তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী জাকিরের বাড়ি ঘেরাও করে। পলায়নকালে ডাকাত বিল্লালকে কাহেন্দী ব্রিজের ওয়াসার লাইনের কাছে আটক করেন এলাকাবাসী। সেখানে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করেছে।

অন্যদিকে সহযোগী লাভলী জীবন বাঁচাতে জাকিরের বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ পেয়ে রূপগঞ্জ-আড়াইহাজার জোনের সার্কেল অফিসার মেহেদী ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ডাকাত বিল্লালের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত লাভলী ডাকাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, ‌‘আমি ডাকাত না। আমি খারাপ কাজ করি। মানুষ দেখে ভয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করি। পরে গ্রামের মানুষ আমাকে অনেক মারধর করেছে।’

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে খুন ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। তবে আটক নারী ডাকাত কি’না তা নিয়ে তদন্ত চলছে।