বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, পেশাদার সাংবাদিকদের আর্থিক সুরক্ষায় বর্তমান সরকার সাধ্যানুযায়ী সব কিছু করবে। শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু তা-ই নয়, সাংবাদিক সংগঠনের নির্বাচনকে সামনে রেখে ভোটকে প্রভাবিত করতে এই ট্রাস্টের রাষ্ট্রীয় অনুদান ব্যবহার করা হয়েছিল। এ ধরনের অনিয়ম বা পক্ষপাতমূলক আচরণ থেকে আমরা বিরত থাকছি।
শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভা শেষে ১৪ সংবাদকর্মীকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করেন তিনি।
মুহাম্মদ আবদুল্লাহ আরো বলেন, অসচ্ছল সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। ৬ষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত এ বৃত্তি প্রদান করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ওবায়দুল্লাহ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মীর মুশফিক আহসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাংবাদিক হুমায়ুন কবীর, ফিরদাউস সোহাগ, মামুন অর রশিদ ও নিকুঞ্জ বালা পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা প্রমুখ।