একটি হাসপাতালে আট দিন ধরে চিকিৎসাধীন চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার ছেলে নিশাত রহমান মনি জানান, আগের চেয়ে তার অবস্থা অনেকটা ভালো। কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
এর আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। নিশাত বলেন, আট দিন ধরে আম্মু হাসপাতালে ভর্তি থাকলেও ১৫ দিন ধরে তিনি অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। এরপর আবার জ্বর চলে যেত। কিন্তু একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। জ্বর কোনোভাবেই সারছিল না।
পরীক্ষা-নিরীক্ষা শেষে রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
তার ভাষ্য, প্রথম দুই দিন পরিস্থিতি ভালো ছিল না। আইসিইউতে দুই দিন রাখার পর সিসিইউতে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন রক্তের সংক্রমণ কমে এসেছে। তবে শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল। এখন স্বাভাবিক খাবারদাবার চলছে।
অভিনেত্রী অঞ্জনার নিজের কোনো সন্তান নেই। তবে পালক হিসেবে এক মেয়ে রয়েছেন। আর বিগত কয়েক বছর ধরে নিশাত রহমান মনি নামে আরেক ছেলে তাকে মা ডেকে তার কাছেই অবস্থান করছেন।
বাংলাদেশী চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশী সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে তার শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুইবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।





