কুমিল্লার নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত সোমবার কলেজ গভর্র্নিং বডির সভায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
জানা যায়, হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ ল্যাব সহকারী জাকির হোসেন তার আপন ভাগ্নে। ২০২৩ সালের ২৭ জুলাই জাকির হোসেন ইউরোপের দেশ ইতালিতে চলে যান। তার অনুপস্থিতিতে অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাকির হোসেনের হাজিরা বইয়ে ভুয়া স্বাক্ষর দিয়ে তাকে উপস্থিত দেখিয়ে সমস্ত বেতনভাতা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ ব্যাপারে গত ১৪ নভেম্বর অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে কারণদর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু অধ্যক্ষ নোটিশের সঠিক কোনো জবাব দিতে পারেননি। ফলে সোমবার দুপুরে গভর্নিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্ত করে তার স্থলে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি ফোনের লাইন কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখেন।