নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের নারায়ণগঞ্জ জেলা ফটো সাংবাদিক মনিরুল ইসলাম সবুজের পিতা তোফাজ্জল হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হসপিটালে তিনি ইন্তেকাল করেন।
তিনি ২ সন্তানের জনক। নারায়ণগঞ্জের সাংবাদিক জগতে তোফাজ্জল হোসেন একজন সাহসী ও সজ্জন ব্যক্তি ছিলেন। সাংবাদিকতা করতে গিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নির্মম নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্র্রতি সাংবাদিক তোফাজ্জল হোসেন ব্রেইন স্ট্রোক করলে তাকে রাজধানীর নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
এদিকে মরহুম তোফাজ্জল হোসেনের প্রথম জানাজা নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদ প্রাঙ্গণে বাদ আসর এবং দ্বিতীয় জানাজা কাশিপুর ঈদগাহ ময়দানে বাদ এশা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুর খবর পেয়ে তার লাশ শেষবারের মতো দেখার জন্য বিএনপি-জামায়াত নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা ফটো সাংবাদিক নেতারা তার বাসভবনে ছুটে যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মহানগর বিএনপি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার ও সেক্রেটারি মনোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলা ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেতারা।