দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের পর খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালের দু’পাশের দখলকৃত অবৈধ স্থাপনা ছাত্র-জনতার চেষ্টায় উচ্ছেদ করা হয়েছে। ফলে খালের ওপর সেতুর নির্মাণ কাজ শুরু করতে আর বাধা থাকলো না।
দীর্ঘদিন অবৈধ স্থাপনা সরাতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএ-জেডটি জেভি’ সেতু নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ করে চলে যায়। প্রায় দুই বছর ধরে জায়গা দখলমুক্ত করার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় শাকবাড়িয়া খালের দক্ষিণ পাশ দখলমুক্ত হলেও উত্তর পাশে দখলকৃত অবৈধ স্থাপনা সরানো সম্ভব হয়নি।
এ নিয়ে সম্প্রতি নয়া দিগন্তে ‘শাকবাড়িয়া খালে অবৈধ স্থাপনার কারণে অনিশ্চিত সেতু নির্মাণ’ শিরোনাম সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর গত ৭ জানুয়ারি ছাত্র-জনতার যৌথ প্রচেষ্টায় শত শত মানুষের উপস্থিতিতে খালটির উত্তর পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
কয়রা উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা জানান, এতদিন শাকবাড়িয়া খালের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। এখন উচ্ছেদ হয়েছে সে জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, নয়া দিগন্তসহ একাধিক পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পরে স্থানীয় ছাত্র-জনতার যৌথ প্রচেষ্টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এলজিইডিকে দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু করতে বলা হয়েছে।