দেশের দ্বিতীয় বৃহত্তম ক্যাম্পাস বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বৃহৎ ক্যাম্পাস হওয়ায় শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে রিকশা ও অটো অপরিহার্য। তবে অতিরিক্ত ভাড়া দাবি, চালকদের দুর্ব্যবহার এবং নিরাপত্তাহীনতার কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। গত বছর অটোরিকশা চালক কর্তৃক ছাত্রী হেনস্থার মতো ঘটনাও ঘটেছে এই ক্যাম্পাসে।
নির্ধারিত ভাড়ার তালিকা না থাকা, ছাত্রীদের যাতায়াতে নিরাপত্তার অভাব, রাতে যাতায়াতের ঝুঁকি এবং চালকদের অসদাচরণের ফলে সমস্যা দিন দিন বাড়ছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়ে আসছেন বাকৃবি শিক্ষার্থীরা। এমতাবস্থায় রিকশা ও অটোর ভাড়ার তালিকা নির্ধারণ এবং ক্যাম্পাসে এসব যানবাহন চলাচলের নীতিমালা করার জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো, অসদাচরণকারী চালকদের চিহ্নিত করে তাদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা, ক্যাম্পাসের মধ্য দিয়ে বালুর ট্রাকসহ সব ভারী যানবাহন চলাচল বন্ধ, শুধু নিবন্ধিত চালকদের ক্যাম্পাসে কাজ করার অনুমতি দেয়া, প্রক্টর এবং ছাত্রবিষয়ক উপদেষ্টার তত্ত্বাবধানে পরিবহন মনিটরিং টিম গঠনসহ নানা দাবি জানিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খন্দকার নুজহাত তাবাসসুম ঐশি বলেন, রিকশা বা অটোতে ওঠা এখন শিক্ষার্থীদের জন্য অপমানজনক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ভাড়া নিয়ে ঝামেলা এবং চালকদের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে। শেষ মোড় থেকে কেআর মার্কেট পর্যন্ত ৫ টাকার ভাড়া ১০ টাকা দাবি করা হয়। এমনকি তর্কাতর্কির একপর্যায়ে চালক টাকা রাস্তায় ফেলে দেন।
আরেক শিক্ষার্থী নাফি সরকার বলেন, কেআর মার্কেট থেকে জব্বার মোড় পর্যন্ত ভাড়া ১০ টাকা, কিন্তু চালকরা সেটি নিতে চান না। বরং উচ্চস্বরে কথা বলা এবং অসম্মানজনক আচরণ করা তাদের স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। ছুটির দিনে বহিরাগত চালকদের কারণে পরিস্থিতি আরো খারাপ হয়।
প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলিম বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বার্থে আমরা নির্দিষ্ট স্থানে ভাড়ার চার্ট করে দেবো। আমরা চাই শিক্ষার্থীদের সুবিধার পাশাপাশি যারা রিকশা বা অটোচালক আছেন, তাদের রুটি-রুজিরও যেন সমস্যা না হয়। এজন্য এমন একটি ভাড়া নির্ধারণ করা হবে, যা শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক এবং চালকরাও যৌক্তিকভাবে লাভবান হবেন।
বাকৃবি ক্যাম্পাসে রিকশা অটো চলাচলে নীতিমালা চান শিক্ষার্থীরা
দেশের দ্বিতীয় বৃহত্তম ক্যাম্পাস বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বৃহৎ ক্যাম্পাস হওয়ায় শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে রিকশা ও অটো অপরিহার্য। তবে অতিরিক্ত ভাড়া দাবি, চালকদের দুর্ব্যবহার এবং...





