নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রধান বাজারের সোনামণি স্কুলসংলগ্ন একটি মার্কেটে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাজারের পাঁচ ব্যবসায়ীর পাঁচটি দোকান। এতে অন্তত কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে হামিদিয়া লাইব্রেরির ৩০ লাখ টাকা, আল আমিন স্টোরের ৩ লাখ, গোধলী ক্লোথ স্টোরের ২০ লাখ, ফাতেমা সু স্টোরের ৫ লাখ এবং মিজানুর ইলেক্ট্রনিক্সের প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও জলঢাকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।





