নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে গেছে বসতবাড়ি ও দোকান। খবর পেয়ে আদমজী নগর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার ভোরে দক্ষিণ কদমতলী নোয়াপাড়া এলাকায় হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল-সংলগ্ন মনিরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, আগুনে পাঁচটি ঘর ও তিনটি দোকান পুড়ে গেছে। এতে ভাড়াটিয়াদের ঘরের টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ এবং দোকানের মালামাল পুড়ে গেছে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘আমরা ভোর ৫টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের দু’টি ইউনিট ঘণ্টা খানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণটিও প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।’





