ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলা শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক মাদারীপুর অঞ্চল। অভিযানে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় আভিযানিক দল। এর মধ্যে গত জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কার, মেইনটেন্যান্স, বদলি বাণিজ্য, ওয়াশ ব্লক নির্মাণ না করেই ১৫ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করার প্রমাণ পাওয়ার কথাও জানায় দুদক। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে দুদক।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন।
মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান অভিযান শেষে সাংবাদিকদের বলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা আ: সোবহান মুন্সীর বিরুদ্ধে কয়েকটি প্রকল্পের অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করা হয়।