নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাকশ্রমিক রাসেল হত্যা মামলায় মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল ও সাবেক যুগ্ম সম্পাদক আসলাম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর খানুপর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

তিনি বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিরা মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে সদর মডেল থানার হত্যা মামলাটির তদন্তে পিবিআই তাদের দু’জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। এর ভিত্তিতে তাদের দু’জনকে দুপুরে গ্রেফতার করা হয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শহরের ডিআইটি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মো: রাসেল। তিনি স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন। পরে গুলিবিদ্ধ রাসেলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই রাসেল মারা যান। পরে রাসেলের লাশ তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি এলাকায় দাফন করা হয়।