ঢাকার আশুলিয়ায় জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিহত চারজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে লাশগুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পুলিশ জানায়, আদালতের নির্দেশে আশুলিয়ার চারালপাড়া, পবনারটেক ও বগাবাড়ী আমবাগান এলাকা থেকে লাশগুলো উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়। এ সময় আশুলিয়ার চারালপাড়া কবরস্থান থেকে উত্তোলন করা হয় জুলাই-আগস্টে নিহত জাহিদুল ইসলাম সাগরের লাশ ও পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম নামে আরেকজনের লাশ উত্তোলন করা হয়। পরে দুপুরে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান কবরস্থানে দাফন করা আবুল হোসেনসহ অজ্ঞাত আরেকজনের পরিচয় শনাক্তের জন্য লাশ উত্তোলন করা হয়। লাশগুলো উত্তোলনের পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, ‘আদালত ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে এখানে দায়িত্ব পালন করছি। এখানে লাশ উত্তোলনের পর সুরতহাল করা হবে এবং পরে ময়নাতদন্ত করা হবে। ভাদাইল ও চারালপাড়া এলাকায় দু’টি কবরস্থান থেকে দু’জনের লাশ উত্তোলন করা হয়েছে। আমবাগান কবরস্থান থেকে আরো দু’জনের লাশ উত্তোলন করা হচ্ছে বলেও তিনি জানান।’