বান্দরবানের লামা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকায় একটি খামারবাড়িতে হানা দিয়ে সন্ত্রাসীরা ওই সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে লামা থানার ওসি শাহাদাত হোসেন জানান।
অপহৃতদের নাম: মো: নুরু (৫০), মো: আলমগীর (৩৫), মো: শফি আলম (৩২), মো: হেলাল (৪০) ও গাড়ি চালক মো: জামাল (৩২)। অপর দুইজনের নাম জানা যায়নি। কে বা কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়েও কিছু জানাতে পারেনি পুলিশ। এসব শ্রমিক কাঠব্যবসায়ী হেলালের নিয়োজিত এবং শ্রমিকরা ওই স্থানে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। অপহরণের বিষয়ে স্থানীয়রা বলছেন, কাঠ ব্যবসায়ী মো: হেলালের কাছে সন্ত্রাসীরা সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।