কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো: নুরুজ্জামান বাবুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা রোববার (২ ফেব্রুয়ারি) রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সুজায়েত হোসেন বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামে পুলিশ নুরুজ্জামান বাবুকে গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার এসআই মো: সুজায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। কিন্তু থানায় নেয়ার সময় তিনি চিৎকার করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
ওসি মো: সাখাওয়াৎ হোসেন জানান, এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ আরো ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। ইতোমধ্যে এজহারভুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নুরুজ্জামান বাবু।
এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।





