নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা জামিরুল ইসলাম ওরফে জামু মন্ডল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আবদুল মতিনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে তাকে নওগাঁ আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামিরুল চকমানিক গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে।

অভিযুক্তরা হলেন জামিরুলের আপন চাচা আবুল কাসেম মন্ডল (৬৫) ও চাচাতো ভাই আবদুল মতিন। এদের মধ্যে আবদুল মতিনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, আবুল কাসেম মন্ডলের সাথে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মন্ডলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও বিবাদ চলছে। শুক্রবার বিবাদমান জমিতে থাকা একটি কুয়ায় মাছ ধরার জন্য যান অভিযুক্ত আবুল কাসেম। এ নিয়ে ভাতিজা জামিরুলের সাথে আবুল কাসেমের তর্কবির্তক ও বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে আবুল কাসেম লাঠি দিয়ে জামিরুলের মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে আটক আবদুল মতিনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে নওগাঁ আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।