কোনো আনুষ্ঠানিকতা নয়, অনুদান নিতে কাউকে অফিসেও আসতে হচ্ছে না। বরং শহীদ পরিবারের বাড়িতে অনুদানের চেক নিয়ে হঠাৎ হাজির হচ্ছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে জুলাই-আগস্ট বিপ্লবে হতাহতদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
গাজীপুর জেলা পরিষদ সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারে অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে রোববার জেলা পরিষদের পক্ষ থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় ৯ জন শহীদের পরিবারকে এক লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রত্যেক শহীদের বাড়িতে উপস্থিত হয়ে তাদের পরিবারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, সরকারি তালিকা অনুযায়ী গাজীপুরে প্রত্যেক শহীদ পরিবার ও আহতদের মধ্যে পর্যায়ক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান প্রদান করা হবে।





