নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় ছয়টি মোটর সাইকেল ও একটি বাস কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত রোববার রাতে উপজেলার লক্ষ্মীকোল বাজার ও রয়না ভরট হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য উভয়পক্ষই প্রতিপক্ষ গ্রুপকে দায়ী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার বিএনপি নেতা ও তারুণ্যনির্ভর বাংলাদেশের আহ্বায়ক মেহেদী হাসান নোমান একটি মামলায় কারাভোগ শেষে জামিনে মুক্ত হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার অনুসারীরা দুই শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে তাকে বরণ করে লক্ষ্মীকোল বাজারে আসেন।
সেখানে পথসভায় নোমানের দেয়া বক্তৃতায় পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শরীফুল হক মুক্তাকে নিয়ে কটূক্তি করা হয়েছে দাবি করে তার অনুসারী পৌর যুবদলের নেতাকর্মীরা তাকে বাধা দেন। এক পর্যায়ে সংঘর্ষে পাঁচজন আহত ও ছয়টি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।