ভালো নেই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে চাঁদপুর হাজীগঞ্জের শহীদ আব্দুল হান্নানের পরিবার। উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামূড়া গ্রামের আমিন মিয়ার ছেলে মো: আব্দুল হান্নান (২৮) জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন। আব্দুল হান্নান মৃত্যুর মাত্র ছয় মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
হান্নান রাজধানীর বাড্ডায় একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। জুলাই আন্দোলনে অংশ নিয়ে তিনি ১৮ জুলাই পুলিশের গুলিতে নিহত হন।
হান্নানের স্ত্রী বিবি হাওয়া মুক্তা বিয়ের মাত্র ছয় মাস ১৪ দিনের মাথায় বিধবা হন। তখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বাবার মৃত্যুর চার মাসের মাথায় জন্ম নেয় উম্মে হানি নামের একটি কন্যা সন্তান।
বর্তমানে নবজাতক সন্তানকে নিয়ে চোখে অন্ধকার দেখছেন বিবি হাওয়া। সরকারি ও বেসরকারি কিছু আর্থিক সহযোগিতা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমানে তিনি কন্যা সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন। কি করবেন শিশু উম্মেহানিকে নিয়ে সে চিন্তায় দিশেহারা এখন।