বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘মৃত্যু নিশ্চিত জেনেই একাগ্রতা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে ইসলামের দাওয়াতি কাজ এগিয়ে নিতে হবে। সকল প্রতিকূলতা মাড়িয়ে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে।’
তিনি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। টঙ্গী তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘কোনো কাজেই গাফিলতি করা যাবে না। প্রত্যেক নেতা-কর্মীকে পক্ষপাতমুক্ত জীবনযাপন করতে হবে এবং প্রতিটি কাজে আল্লাহকে হাজির-নাজির জেনে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘গাজীপুর মহানগরকে ইসলামের দুর্গে পরিণত করতে হবে। এ জন্য প্রত্যেক ইউনিট প্রতিনিধিকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের রাজনৈতিক, সাংগঠনিক ও দ্বীনি যোগ্যতা বৃদ্ধি করতে হবে এবং সমাজে এর প্রতিফলন দেখাতে হবে।’
‘আজকের সম্মেলন প্রমাণ করেছে, জামায়াতের শিকড় কতটা গভীরে। ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবেই ইনশা আল্লাহ,’ বলেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আজকের সম্মেলন মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যা আল্লাহর অশেষ রহমত। আমাদের উচিত, বেশি বেশি দাওয়াতি কাজের মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।’
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করে না, বরং সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের জন্য সংগ্রাম করে।’
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ বলেন, ‘জামায়াতের নেতা-কর্মীরা আল্লাহ ও তাঁর রাসূলের উত্তরসূরি হিসেবে কাজ করেন। তারা কুরআন-হাদিসকে আঁকড়ে ধরে রেখেছেন। কোনো প্রোপাগান্ডা তাদের দমিয়ে রাখতে পারবে না।’
সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আমাদের সবাইকে দ্বীনি দাওয়াতি কাজ এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের দায়িত্বশীলদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে আগামী নির্বাচন ও ভবিষ্যত রাজনীতিতে তারা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন। গাজীপুরের প্রতিটি এলাকায় দাওয়াতি কাজ আরো গতিশীল করতে হবে।’
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. অধ্যক্ষ মাওলানা মো: খলিলুর রহমান মাদানী, গাজীপুর জেলা জামায়াতের আমির ও আগামী সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ড. মো: জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির এবং গাজীপুর-৫ আসনের সম্ভাব্য প্রার্থী মো: খায়রুল হাসান, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গাজীপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী মো: হোসেন আলী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মো: সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের সক্রেটোরি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন ও মো: আজহারুল ইসলাম।
সম্মেলনে অংশগ্রহণকারীরা জামায়াতের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আরো সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।





