কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুতের লাইন না সরিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ করছিল একদল শ্রমিক। এ সময় বিদ্যুতায়িত হয়ে শাকিল (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের হাপানিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাকিল উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধুয়ারচর গ্রামের শরীফ মিয়ার ছেলে। তিনি ভবন নির্মাণশ্রমিকের কাজ করতেন।
জানা যায়, পৌর সদরের হাপানিয়া এলাকায় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ঘেষে একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। নিহত শাকিল ওই ভবনে শ্রমিকের কাজ করছিলেন। এ সময় সিমেন্টের বেগ মাথায় নিয়ে বিল্ডিংয়ের দোতালার বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের মেইন লাইনের সাথে বিদ্যুতায়িত হয়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে পাকুন্দিয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম শহিদুল আলম বলেন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণকাজ করছিলেন। আমরা সতর্ক করার পর লাইন অপসারণের জন্য একটি আবেদন জমা দেয়। লাইন অপাসারণ কাজ প্রক্রিয়াধীন ছিল। তারপরও ঝুঁকি নিয়ে নির্মাণকাজ করছিল তারা। এ সময় একজন শ্রমিক মারা যাওয়ার খবর পাই।





