আজ দুপুরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে তাবলিগ জামাতের নিজামুদ্দিন বা মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের তিন দিনের বিশ্ব ইজতেমা। সেই সাথে এ বছরেরও বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে আজ। এর আগে শূরায়ী নেজামের দুই দফায় ছয় দিনের বিশ্ব ইজতেমা গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়। আগামী বছর থেকে টঙ্গীর ময়দানে ইজতেমা না করার শর্তে এবার সা’দপন্থীদের ইজতেমা করার অনুমতি দেয়া হয়।
এ দিকে গত শুক্রবার রাতব্যাপী ইজতেমা ময়দানে শবেবরাতের ইবাদতে মশগুল ছিলেন মুসল্লিরা। এরপর শনিবার বাদ ফজর থেকে যথারীতি বয়ান শুরু হয়। বয়ান করেন ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব, তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম সাহেব, এরপর সকাল সাড়ে ৯টায় তালিমের মওজু (ফজিলত ও আদব) বিষয়ে বয়ান করেন ভারতের মুফতি ইয়াকুব সাহেব। তার বয়ানের পর খিত্তায় খিত্তায় তালিম হয়। বাদ আসর বয়ান করেন ভারতের হাফেজ মঞ্জুর সাহেব, তরজমা করেন মাওলানার রুহুল আমিন সাহেব। আসরের বয়ানের পরে যৌতুকবিহীন ৯টি বিবাহ অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব, তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব।
নিজামুদ্দিনের অনুসারী তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, আজ রোববার বাদ ফজর ভারতের মাওলানা মোরসালিন সাহেবের বয়ানের পর সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেবের হেদায়েতি বয়ান করার কথা রয়েছে। এরপর দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে আখেরি মুনাজাত শুরু হবে।
এ দিকে ৫৮তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব বা সাদপন্থীদের ইজতেমায় মুসল্লি উপস্থিতি হয়েছে খুবই কম। প্রথম দিন গত শুক্রবার জুমার নামাজের সময়ও মূল ময়দানের অনেক জায়গা ছিল ফাঁকা। জুমার জামাতের কারণে পাশের সড়ক, মহাসড়কগুলোতে যান চলাচলেও কোনো বিঘœ সৃষ্টি হয়নি।