রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আর্জেন্টিনার একটি আদালত ইউনিভার্সাল জুরিসডিকশন বা বৈশ্বিক এখতিয়ার নীতির আওতায় মিয়ানমারের সামরিক জান্তা প্রধানসহ দেশটির নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেছে।
বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই আদেশের পরিপ্রেক্ষিতে আদালতের প্রসিকিউটর ইন্টারপোলের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা জারি করার আবেদন করতে পারবে।
মিয়ানামর জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং, সাবেক প্রেসিডেন্ট টিন ইয়ো, সাবেক স্টেট কাউন্সিলার এবং তৎকালীন ক্ষমতাসীন দল এনএলডি প্রধান অং সান সু চির বিরুদ্ধে আর্জেন্টিনার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর সময়ে তারা সবাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। পরবর্তী সময়ে জেনারেল মিন অং এর নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে অং সান সু চি ক্ষমতা হারান।
বিশ্বের যেকোনো স্থানে সংঘটিত গণহত্যা বা যুদ্ধাপরাধের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বৈশ্বিক এখতিয়ার নীতির আওতায় অভিযুক্তদের বিচারের আওতায় আনতে পারে আর্জেন্টিনার আদালত।
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সিদ্ধান্ত অনুযায়ী আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমার জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং এর বিরুদ্ধে তদন্ত করছে।