সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা বিভাগ জানিয়েছে, মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে মোনালিসা হাজার হাজার কোটি টাকা রাশিয়ায় পাচার করেছেন। তিনি জেলার অনলাইন জুয়াড়িদের নিরাপত্তা দিতেন।

স্থানীয়দের অভিযোগ, মেহেরপুরসহ সারাদেশের টেন্ডার, নিয়োগ, বদলি ও অনলাইন জুয়ার মাধ্যমে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও তার স্ত্রী মোনালিসা কোটি কোটি টাকা কামিয়েছেন। তার দুর্নীতির তথ্য ফাঁস করেছেন তারই ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল।

সম্প্রতি তিনি এক অডিও সাক্ষাৎকারে বলেন, ‘ভাইয়ের দুর্নীতির কারণেই আজ আমরা সবাই ঘর ছাড়া। মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছি। ফরহাদ হোসেন নিয়োগ, বদলি-বাণিজ্য প্রভৃতি দুর্নীতির মাধ্যমে ন্যূনতম দুই হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কানাডার বেগমপাড়ায় তার বাড়ি আছে। ঢাকায় একাধিক বাড়ি আছে। সবকিছুর নিয়ন্ত্রক ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। টাকা ছাড়া টেন্ডার, নিয়োগ, বদলি কিছুই হতো না।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রীর স্ত্রী মোনালিসা ক্যাসিনো সম্রাজ্ঞী হয়ে পুলিশের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন। ক্ষমতা হারানোর পর ৫০ কোটি টাকা দিয়েছেন মামলা থেকে রক্ষা পেতে। তাই তার নামে কোনো মামলা হয়নি। স্ত্রীর কারণেই আমার ভাই নষ্ট হয়েছে।’

এ বিষয়ে মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার জানান, মোনালিসাকে আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করা হচ্ছে।