নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় ছিনতাই চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশের সুপার মো: আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, আইটেল মোবাইল ফোন, চালককে অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ঔষধ, একটি অটোরিকশা বিক্রির নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন লিয়ন (৩২), মো: বোরহান (২১), মো: শাওন বেপারী (২২), মোসা: পারভীন বেগম (২২), শাহীন মোল্লা (৩০), মোহাম্মদ আলী (৫৫) ও মো: আল আমিন সর্দার (৩৮)।

এর আগে, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো ঘাট এলাকার-সংলগ্ন খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত পুরুষের (৫১) লাশ পাওয়া যায়। পরবর্তী সময়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে লাশটির পরিচয় শনাক্ত হওয়ার পর ভিকটিমের পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। এই চক্রটি দীর্ঘ দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সংঘবদ্ধভাবে অটোরিকশা চালককে চেতনানাশক ঔষধ সেবন করিয়ে হত্যা করার পর লাশ নদীতে ফেলে দেয়াসহ অটোরিকশা ছিনতায়ের সাথে সরাসরি জড়িত। এ ঘটনায় চক্রের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।