অবশেষে ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল বান্দরবানের লামা থেকে অপহৃত ২৫ রাবার শ্রমিক।
আজ মঙ্গলবার ভোরে সন্ত্রাসীরা তাদের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ঈদগড় এলাকায় ছেড়ে দেয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাদাত হোসেন জানান, যৌথ বাহিনীর গত দু’দিনের অভিযানের মুখে সন্ত্রাসীরা তাদের আজ ভোরে ঈদগড়ের জঙ্গলে ছেড়ে দিয়েছে। বর্তমানে শ্রমিকরা তাদের নিজ নিজ পরিবারের কাছে চলে গিয়েছে।
আরাফাত রাবার বাগানের মালিক মো: ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে তিন লাখ আর বাকি পাঁচ বাগানের ১৩ জনকে মুক্ত করতে সাত লাখ টাকা মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। জিম্মিদের বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়াল মারা এলাকা থেকে সন্ত্রাসীরা ছয়টি রাবার বাগানের ২৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ উদ্ধারে অভিযানে নামে।





