মোবাইলের মাধ্যমে গড়ে উঠেছে প্রেম। তারপর দেখা করার পালা। প্রথমবার দেখা করতে যেয়েই প্রেমিক ও তার বন্ধুদের র্ধ্ষণের শিকার হয়েছেন প্রেমিকা।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের মালাউড়ি কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই কিশোরী কাজীপাড়া এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার পঁচিশা গ্রামের সাইদুর রহমান রুবেলের ছেলে ফাহাদ খান ফাহিম (১৯) ও গোপালপুর উপজেলার হেমনগর এলাকার মনিরুজ্জামানের ছেলে নাঈম মাহাদী সাফি (১৮)।
জানা যায়, কিশোরীর সাথে দীর্ঘদিন ধরে ফাহাদ খান ফাহিমের সাথে মোবাইলফোনে প্রেমের সম্পর্ক চলছিল। পরে বুধবার দুপুরে ওই কিশোরীর সাথে দেখা করতে বন্ধু সাফির বাসায় ডেকে আনে প্রেমিক ফাহিম। সেখানে দেখা করার পর ওই কিশোরীকে ফাহিম ও তার বন্ধু সাফি মিলে পালাক্রমে ধর্ষণ করে।
এদিকে এ ঘটনায় বুধবার বিকেলে কিশোরী নিজে থানায় পুলিশকে মৌখিক অভিযোগ করে। পরে মধুপুর থানা পুলিশ কিশোরীর সহযোগিতায় ধর্ষণকারী দু’জনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বলেন, ‘রাতে ভুক্তভোগীর মা আসমা খাতুন ওই দুই বন্ধুর নামে ধর্ষণের একটি মামলা করেছে। অভিযুক্তরা বুধবার ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে তারা ভিডিও ধারণ করে। অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আরো একটি মামলা দায়ের করা হবে।‘
এদিকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অভিযুক্তদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।





