নীলফামারীর সৈয়দপুরে রিকশা-ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে শহরের পাঁচমাথা মোড়ের সোহেল রানা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রুখসানা আক্তার (৫৫)। তিনি শহরের হাতিখানা ক্যাম্পের মুক্তার রঙমিস্ত্রির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুখসানা ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে চড়ে বাজার করতে যাচ্ছিলেন। পথে পাঁচমাথা মোড় এলাকায় তার শাড়ির আঁচল ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। পরে লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





