ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আসামি শহিদুল ইসলাম ওরফে মহিদুল মুহিতকে ফের রিমান্ড দেয়া হয়েছে। পুনরায় পাঁচদিনের রিমান্ড চেয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর লুৎফর রহমান নয়া দিগন্তকে জানান, ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় জড়িত অভিযোগে গত ২১ ফেব্রুয়ারি ঢাকা সাভার এলাকা থেকে শহিদুল ইসলাম, সবুজ ও শরীফুজ্জামান নামে তিনজন আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের কোর্টে তোলা হলে সবুজ ও শরীফুজ্জামান আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আর শহিদুলকে পাঁচ দিনের রিমান্ড দেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে তোলা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার বিরুদ্ধে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) সাব-ইন্সপেক্টর মো: আহসানুজ্জামান জানান, পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে শহিদুল ইসলাম ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাত চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ ও সাথে নিয়ে অভিযান পরিচালনার জন্য ফের রিমান্ড চাওয়া হয়।
গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি ওই বাসের যাত্রী ওমর আলী বাদি হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।





