‘আমার চোখে জুলাই বিপ্লব' প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার নির্বাচিত আইডিয়া ‘তারুণ্যের কণ্ঠে জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে ‘যুক্তির আলোয় খুঁজি মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে বির্তক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে বির্তক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও ফেনী ডিবেট ফোরামের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করে জেলা পরিষদ।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো: বাতেন, জেলা পরিষদের উপ-প্রকৌশলী মো: মঈনুল ইসলাম, শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সিদ্দিক আল মামুন।
ফেনী ডিবেট ফোরামের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় সনাতনী বির্তকের মৌলিক বিষয়াবলি নিয়ে কর্মশালায় বিশদভাবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আদনান মুস্তারি।
এসময় ফেনী ডিবেট ফোরামের সভাপতি আবু সুফিয়ান নোমান বলেন, ‘এই বিতর্ক উৎসব আয়োজন বর্তমান প্রজন্মকে সেই ঐতিহাসিক চেতনার সাথে যুক্ত করে, যা গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় সহায়ক। এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সত্য জানা, প্রশ্ন করা ও সাহসিকতার সাথে কথা বলার অনুপ্রেরণা দেয়। যা একটি সচেতন সমাজ গঠনের জন্য অপরিহার্য। আন্দোলনের চেতনা, শিক্ষা ও গুরুত্বকে ফেনী জেলার তরুণদের মাঝে ছড়িয়ে দিতে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাই বিপ্লবের আদর্শ তরুণদের মধ্যে ছড়িয়ে দেয়া তাদের যুক্তিশীলতা, বিশ্লেষণ এবং মতপ্রকাশের দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশাল বিরাট ভূমিকা রাখবে।’
কর্মশালায় জেলার মাধ্যমিক পর্যায় ৩২টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দু’ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।









