ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১ জন।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মোকসেদপুর থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসছিল ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস। বাসটি বাখুন্ডা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে খাদে উল্টে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে পাঁচজনকে মৃত অবস্থায় এবং ৩১ জনকে আহত অবস্থায় উদ্ধার করি।’

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো: মারুফ হোসেন জানান, ঘটনাস্থলেই পাঁচজন মারা যায় এবং আহত হয়েছে ৩১ জন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।