ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী নারী-পুরুষকে সম্মাননা দেয়া হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ সেন্টার থেকে শিক্ষাবৃত্তি ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কাশিমপুরে ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দিদার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা।
ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেটর মোহাম্মদ নাছির উদ্দিন মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মাসুদ পারভেজ, জাতিসঙ্ঘের প্রতিনিধি রুকাইয়া বুলবুল, ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইনস্ট্রাক্টর দিদার হোসেন, প্রবাসী আরিফ মাহমুদ এরশাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাইয়ুম সোহাগ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সিদ্দিক আল মামুন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা বলেন, ‘ফেনী জেলার প্রবাসীরা অনেক রেমিট্যান্স পাঠান। জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসীরা যে ভূমিকা রেখেছিল তা অবিস্মরণীয়। তারা বিশ্বের বিভিন্ন দেশে সভা-সমাবেশ করেছে। বিদেশী বিভিন্ন অ্যাজেন্সিকে জানিয়েছে এ নারকীয় হত্যার কথা। প্রবাসীরা নিজ পরিবার থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করছেন। প্রবাসে যেতে হলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে এতে করে সম্মানের পাশাপাশি ভালো টাকাও অর্জন করা যায়।’
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দিদার মিয়া জানান, ‘শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আনোয়ার হোসাইন মিলন, ওমর ফারুক, শাহাদাত হোসেন ও শাহীনা আক্তার আইরিনকে সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়া চারজন প্রবাসীকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের চেক দেয়ার পাশাপাশি সাত প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি দেয়া হয়।’









