ফেনী অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ফেনীতে সায়েম উদ্দিন নামে আলোচিত জুলাই যোদ্ধাকে মারধর করেছে বিএনপি কর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলা করা হয়।

সায়েম চব্বিশের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহরের মহিপালে আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিরোধে থেকে আলোচিত হন। সেদিন হামাগুঁড়ি দিয়ে ছাদের উপর থেকে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়।

এনসিপির ফেনী-৩ আসনের অ্যাম্বাসেডর আবদুল্লা আল জোবায়ের জানান, রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পাশ্ববর্তী স্থানে ডেকে নেয় বিএনপি নামধারী সন্ত্রাসীরা। সেখানে পূর্ব থেকে থাকা ৪-৫ জন সন্ত্রাসী তাকে কিল-ঘুষি, লাথিসহ আঘাত করতে থাকে। বেদম মারধর করে তাকে সেখানে ফেলে যায়।

খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ো আসে।

হামলাকারীরা মুখপরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে সায়েম জানিয়েছেন। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

ছাত্রশিবিরের ফেনী শহর সেক্রেটারি শফিকুল ইসলাম জানান, ঘটনা জেনে তারা হাসপাতালে সায়েমকে দেখতে যান। জামায়তের জেলা আমির মুফতি আব্দুল হান্নানও তাকে দেখতে যান।

সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনীর আল-জামেয়াতুল মালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হবে। জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যেই হোক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।