জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘এখন থেকে সাংগঠনিক কাজের ন্যায় নিয়মিত নির্বাচনী কাজ করতে হবে। আগামী নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে হবে। এ আসনে আমরা অনেকবার বিজয়ী হয়েছি। এই ধারা অক্ষুন্ন রাখতে হবে।’
সোমবার রাত ৯টার দিকে বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম-১৫ আসন কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগরীতে অবস্থানরত রুকনদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-১৫ আসন পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং নায়েবে আমির ও আসন কমিটির সচিব ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১০ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, মাওলানা আরিফুর রশীদ, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ, কোতোয়ালী থানা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, চান্দগাঁও থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণিসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, ‘অতীতে এ আসন থেকে আমরা অনেকবার বিজয়ী হয়েছি। পরপর তিনবারের বিজয়ী আসনের নাগরিক হিসেবে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচনী ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘পতিত স্বৈরাচারের দোসররা আজ বসে নেই। তাদের প্রত্যক্ষ ইন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় নারকীয় তাণ্ডব চালায়। তান্ডব ও হামলাকারী যে দল বা মতেরই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘৪৪ বছর দক্ষিণ চট্টগ্রাম তথা সাতকানিয়া-লোহাগাড়ার খেদমত করেছি। আমৃত্যু খেদমত করে যাবো, ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে চট্টগ্রামের সকল আসনে বিজয় নিশ্চিত করতে সকলকে জানবাজি রেখে কাজ করতে হবে।’









