আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

ঢাকার সাভার শিল্পাঞ্চলের আশুলিয়ায় একটি লেগুনা ড্রেনে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছেন ।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশুলিয়ার এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো: বদরুল আলম গাজী হাবীব (৩৮) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো: হৃদয় মিয়া (৩৫)।

এ ঘটনায় আহত হয়েছেন- বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কের পাশের নির্মাণাধীন ড্রেনে পানি জমে যায়। আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাইপাইলগামী যাত্রীবাহী একটি লেগুনা জামগড়া এলাকায় পৌঁছলে সড়কের পাশে ড্রেন করে রাখা খাদে পড়ে যায়।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পানি থেকে যাত্রীদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে। ওই লেগুনায় দুর্ঘটনার সময় ৮/১০জন যাত্রী ছিল।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, ‘আমরা শুনেছি দু’জন নিহত ও তিনজন আহত। নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তাও আমরা খুঁজে দেখেছি, ড্রেনের পানি যেখানে পড়ে সেখানকার স্লাব উঠিয়েও দেখা হয়েছে। এমন কিছু পাওয়া যায়নি।’

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক মো: হারুন অর রশিদ জানান, আমাদের হাসপাতালে চারজনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। বাকী দুইজনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত লেগুনাটি জব্দ করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া চালক ও হেলপারকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।