টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাতেই দলের কেন্দ্রীয় নেতারা ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের নেতা। তিনি কখনো পিন্ডির আধিপত্য, কখনো দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এনসিপি তার সেই দর্শন অনুসরণ করেই দেশে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়।’

মজলুম জননেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ বিভাগীয় ও উপজেলা পর্যায়ের নেতারা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হবে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এটি নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।