রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি মোহা. রফিকুল আলম বেগ এর মেয়াদকাল শেষ হচ্ছে আগামীকাল সোমবার। রাষ্ট্রপতি ২০১৪ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ভিসি হিসেবে তাকে চার বছরের জন্য নিয়োগ দেন।
মেয়াদ শেষ হওয়ায় যন্ত্রকৌশল বিভাগে (নিজ বিভাগ) ফিরে যাবেন তিনি। পরবর্তী ভিসি কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেতে লবিং গ্রুপিং শুরু করেছে পদপ্রত্যাশী শিক্ষকরা। রাষ্ট্রপতি এই উপাচার্যকেই পুনরায় স্বপদে বহাল রাখবেন নাকি নতুন করে উপাচার্য নিয়োগ দিবেন তা নিয়ে রাজশাহী নগরজুড়ে চলছে নানা গুঞ্জন। তবে রুয়েটের উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে এমন কাউকে এই পদে চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে উপাচার্যের মেয়াদ শেষ হলেও উপ-উপাচার্যের পদটি দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে শূণ্য রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১২ অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগের অধ্যাপক ড. মর্ত্তুজা আলীকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন। এরপর ২০১৪ সালের ১১ অক্টোবর তিনি উপ-উপাচার্য মেয়াদকাল শেষ করেন।
তার মেয়াদকাল শেষ হওয়ার আগেই নতুন উপ-উপাচার্য নিয়োগের ব্যাপারে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণের জন্য উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগকে পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু উপাচার্য সেখানে চিঠি প্রেরণ না করায় উপ-উপাচার্যের পদ দীর্ঘ ৩ বছর সাত মাস ধরে শূণ্য রয়েছে। ফলে প্রতিনিয়ত নানা প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা মারাত্বকভাবে বিঘ্ন ঘটে। ভিসি পুরো রুয়েট প্রশাসনকে কুক্ষিগত করে নিজ ইচ্ছামত প্রশাসন ও একাডেমিক কর্মকা- এককভাবে নিয়ন্ত্রণ করার জন্যই এমনটি করেছেন বলে অভিযোগ রয়েছে।