কিশোরগঞ্জের ভৈরবে সংরক্ষিত এলাকায় স্তূপ করে কয়লা রাখায় হুমকির মুখে পড়েছে তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন রেগুলেটিং স্টেশন (ডিআরএস)। প্রভাবশালী মহল মেঘনা নদীর তীর, দুটি রেল সেতুর নিচে ও সৈয়দ নজরুল ইসলাম সড়কের আশপাশে রেলওয়ে এবং সড়ক ও জনপথ বিভাগের সংরক্ষিত এলাকা দখল করে এসব কয়লা স্তূপ করে রেখেছে। এতে মরে যাচ্ছে সেতু এলাকার গাছ। কালচে রঙ ধারণ করেছে গাছের পাতা ও ঘাস। ব্যাহত হচ্ছে এ এলাকার পর্যটন শিল্পের অগ্রগতি।
জানা গেছে, কয়লা উচ্চমাত্রার দাহ্য পদার্থ হওয়ায় দুর্ঘটনার কথা চিন্তা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংরক্ষিত এলাকা থেকে ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে নিতে বলেছে। কিন্তু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তিতাসের নোটিশের কোনো গুরুত্ব দিচ্ছে না।
বন্দর নগরী ভৈরব ও আশুগঞ্জের মধ্যে সড়ক ও জনপথ কর্তৃক সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ হওয়ার পর থেকে রেল সেতু ও সড়ক সেতুকে ঘিরে ভৈরবে পর্যটন শিল্প বিকাশ লাভ করতে থাকে। পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি সেতু দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করে। স্থানীয়রাও সকাল বিকাল ঘুরতে আসে মেঘনার এই তিন সেতুর নিচে। কিন্তু কয়লা ব্যবসায়ীদের কারণে এখানে পর্যটন শিল্প বিকাশ লাভ করবে না বলে আশঙ্কা স্থানীয়দের।
এখানকার সংরক্ষিত এলাকাকায় স্তূপ করে কয়লা রাখায় পরিবেশ দূষিত হচ্ছে। সব কিছু কেমন কালচে হয়ে যাচ্ছে। বাতাসে ছড়াচ্ছে উৎকট গন্ধ। কয়লার উত্তাপে মরে যাচ্ছে গাছ। ইতোমধ্যে রেলের বিশাল দু’টি আমগাছ, দু’টি কাঁঠাল গাছ মরে গেছে।
প্রভাবশালী মহল সড়ক সেতুর বেষ্টনী ভেঙে এর ভেতরেও কয়লা রাখছে। এর ফলে হুমকির মুখে পড়েছে তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন রেগুলেটিং স্টেশন (ডিআরএস)। কয়লার উত্তাপের কারণে স্টেশনে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে ভৈরব পৌসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, শহরের একমাত্র বিনোদন স্পট ও গুরুত্বপূর্ণ এলাকা মেঘনা নদী পাড়ের ত্রি-সেতু এলাকা। কতিপয় কয়লা ব্যবসায়ীর কারণে এলাকাটি সৌন্দর্য হারাচ্ছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সাল বলেন, এলাকাটি আমাদের নজরে এসেছে। স্থানটি উদ্ধারে আমারা ইতোমধ্যে কাজ শুরু করেছি।
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সংরক্ষিত এলাকাটিতে জোরপূর্বক বেড়া ও খুঁটি ভেঙে প্রবেশ করে প্রভাবশালী মহল কয়লার ব্যবসা পরিচালনা করছে। এলাকাটি উদ্ধারে ও কয়লা ব্যবসা উচ্ছেদে কিশোরগঞ্জ জেলা প্রসাশন বরাবরে আবেদন করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।
ভৈরবে হুমকির মুখে তিতাস গ্যাস কন্ট্রোল স্টেশন
সংরক্ষিত এলাকায় কয়লার স্তূপ
কিশোরগঞ্জের ভৈরবে সংরক্ষিত এলাকায় স্তূপ করে কয়লা রাখায় হুমকির মুখে পড়েছে তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন রেগুলেটিং স্টেশন (ডিআরএস)। প্রভাবশালী মহল মেঘনা নদীর তীর, দুটি রেল সেতুর...





