পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় মাছ শিকারের সময় বনরক্ষীরা ৫ জেলেকে আটক করেছে।  এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রলার সহ ৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের সাবেক ডি.এফ.ও মোঃ মেহেদী হাসান ও ফরেস্টার আঃ হান্নান এর নেতৃত্বে ৫ সদস্যের স্মার্ট পেট্রোলিং দল তাদের নিয়মিত টহল দেন।  এসময় কটকা অভয়ারণ্যের নিষিদ্ধ খালে জেলেদের মাছ আহরণ করতে দেখেন।  এরপর তারা জেলেদেরকে মাছ ধরার বৈধতা জানতে চান।  কিন্তু জেলেরা মাছ ধরার অনুমতি পত্র দেখাতে ব্যর্থ হয়।

এরপর টহলদল জেলে শহিদুল ইসলাম (৩৫), আঃ হালিম (২২), সাইফুল (২২), সোবাহান (২৬) ও বাদল হোসেন (২৬) কে আটক করে। আটকের পর জেলেদেরকে তাদের জাল ও ট্রলারসহ কটকা বনরক্ষীদের কাছে হস্তান্তর করেন।

অভিযোগ রয়েছে, কটকা অভয়ারণ্য কেন্দ্রের অসাধু বনরক্ষীরা জেলেদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে কটকাসহ পূর্ব বনের বিভিন্ন অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের সুযোগ করে দেন।

এ ব্যাপারে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম সরকার বলেন, আটক জেলেদের জরিমানার পাশাপাশি মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  তবে অনৈতিক সুবিধা গ্রহণের বিষয়টি সঠিক নয়।