মাদকব্যবসায়ীকে ঘুষের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এদিকে, অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
কয়েকদিন আগে দর্শনার শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের খবর পাওয়া যায়। কিন্তু গ্রেফতারের কিছুক্ষণ পরই ৭ লাখ টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠে। এমনকি ওই মাদক ব্যবসায়ীকে এলাকা থেকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতাও করেছেন এমন অভিযোগ উঠেছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম জানান, অভিযোগের ভিত্তিতে ওসি আকরামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যে বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।





