যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। কথিত এই গোলাগুলির ঘটনা বুধবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে হয়েছে। এতে অজ্ঞাত এক যুবক (৩২) নিহত হন।

বাঘারপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই নাসিরুল হক খানের ভাষ্য, যশোর-মাগুরা মহাসড়কের সেকেন্দারপুর ভাটার আমতলায় একটি মেহগনিবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে তারা খবর পান। এই খবর অনুযায়ী মধ্যরাতে সেখানে হাজির হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে অজ্ঞাত ওই যুবকের গুলিবিদ্ধ লাশ ছাড়াও একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের বর্ণনা অনুযায়ী, কথিত এই গোলাগুলির ঘটনা বুধবার দিনগত রাত ৩টা ১০ মিনিটের দিকের। হাসপাতালে ওই যুবকের লাশ আনা হয় ভোর পৌণে ৪টার দিকে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার এম আব্দুর রশিদ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে।