ঝিনাইদহের মহেশপুরে 'ডিবি পুলিশের সোর্স'কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম ওয়াসিম (২৮)। শুক্রবার রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের নিমদা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম অনন্ত পুর গ্রামের ইদ্রিস আলীর (ইদু ফকির) ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, গতরাত ১০টার দিকে নিমদা পাড়া গ্রামের মিন্টুর বাড়ির কাছাকাছি একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় শ্যামকুড় গ্রামের আনসার আলীর ছেলে কাবিলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে।
মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক জানান, অনন্তপুর গ্রামের ওয়াসিমকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহত ওয়াসিমের সঙ্গী হত্যার প্রত্যক্ষদর্শী শ্যামকুড় গ্রামের কাবিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।





