বগুড়ার শেরপুরে বাস্তবায়নাধিন বাঁকা চারলেন মহাসড়ক সোজা করার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তারা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনে সরকারের দৃষ্টি আকর্ষন করেছেন। উক্ত মানব বন্ধনে এলাকার বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন।
জানা গেছে, ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরপুর পালস প্রাইভেট জেনারেল হাসপাতাল থেকে এক কিলোমিটার দক্ষিণে হাওয়া খানা পর্যন্ত বাঁকা রাস্তা সোজার করার দাবী জানিয়ে আসছেন এলাকাবাসী। কারন এই রাস্তা বাঁকা হওয়ার কারনে নিয়মিত সড়ক দূর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছেন। কিন্তু সড়ক বিভাগ কোন পদক্ষেপ নেয়নি।
সম্প্রতি এলেঙ্গা-হাটিকুমরুল–রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরন প্রক্ল্প বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। এ প্রেক্ষিতে এলাকাবাসী আবারো মহাসড়কের পালস জেনারেল হাসপাতাল থেকে হাওয়াখানা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সোজা করার দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন ।
এরই অংশ হিসেবে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরুয়া বটতলা এলাকার শত শত মানুষ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন।