পাবনা শহরের বিভিন্ন বিপনী বিতান এলাকায় অভিযান চলিয়ে পুলিশ নারী প্রতারকচক্রের ৭ সদস্যকে আটক করেছে। আটককৃত সকলের বাড়ী কুমিল্লা জেলায়।
আটককৃতরা হলো, নুরজাহান (২৫), সুলেমা (২২), নাসিমা আক্তার (১৯), তহুরা বেগম (২২), পারুল (২০), পুতুল (৪২) এবং আসমা (৩২)।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনার ঈদ বাজারে পকেটমারসহ বিভিন্ন প্রতারক ও অপরাধীচক্র‘র অপতৎপরতা রুখতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা দুপুর আড়াইটার দিকে শহরের খান বাহাদুর শপিং মল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঈদকে সামনে রেখে তারা ১০ জনের একটি দল দেশের বিভিন্ন স্থানের বিপনী বিতানে ছড়িয়ে পড়েছে। বোরকা পড়ে বাজারের ভীড়ে মিশে গিয়ে ক্রেতাদের পকেট কাটা থেকে শুরু করে, ব্যাগের মালামাল ও দোকানে রাখা জিনিষপত্র চুরি করাই তাদের প্রধান কাজ। দুইদিন আগে তারা কুষ্টিয়া থেকে পাবনায় এসেছে।
আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।