নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে রোববার ভোরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এক অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগস্ত ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে রাজু ইলেকট্রিক, মাহিম কনফেশনারি, মা কুলিং কর্নার, খান টেলিকম ও আল মদিনা মেডিক্যাল হল। এ সময় হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই পাঁচটি দোকান পুড়ে যায়। আগুনের ভয়াবহতা দেখে মা কুলিং কর্নারের মালিক জাকের হোসেন সংজ্ঞা হারিয়ে ফেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ দিন থেকে সেনবাগে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করে এলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। যদি সেনবাগে ফায়ার স্টেশন থাকত তাহলে ক্ষতি আরো কম হতো।