সিলেট নগরীর সুরমা পয়েন্টে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে নগরীতে চাপা উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বন্দরবাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য বিক্রি করছিল হকাররা। সোমবার বিকেলে সিটি করপোরেশনের কর্মচারীরা ফুটপাত দখল না করতে হকারদের আহবান জানায়। পরে হকার্স লীগ নেতা আব্দুর রকিবের নেতৃত্বে হকারদের একটি দল নগর ভবনে যায়। সেখানে হকারদের সাথে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতন্ডা হয়।
হকার্স লীগ নেতা আব্দুর রকিব অভিযোগ করেছেন, সিটি করপোরেশনের কর্মচারীরা তাকে মারধর করেছে। এ ঘটনার পর বন্দর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শতাধিক হকার নগর ভবনে হামলা চালায়। তারা নগর ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মেয়র আরিফ নগর ভবনে নিজের দপ্তরে ছিলেন। পরিস্থিতি সামাল দিতে তিনি এ সময় বাইরে বেরিয়ে আসলে শ্রমিকরা তাঁকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুঁড়তে থাকে।
একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ধাওয়া দিয়ে হকারদের সুরমা পয়েন্টে নিয়ে আসে। এখানে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সিটি মেয়র আরিফের নেতৃত্বে সিসিক কর্মকর্তা-কর্মচারীরা বন্দরবাজারে শোডাউন দেন।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, সিসিকের কর্মচারীরা ফুটপাতে না বসতে হকারদের অনুরোধ জানিয়েছিল। কিন্তু আব্দুর রকিবের নেতৃত্বে হকাররা সংঘবদ্ধ হয়ে নগর ভবনে হামলা চালায়। পরে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা তাদেরকে হটিয়ে দেন।
মেয়র আরো বলেন, ‘হকাররা নগরবাসীকে জিম্মি করে রেখেছে। তাদের কারণে মানুষ ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারছে না। এ অবস্থা তো চলতে পারে না। নগরবাসীর স্বার্থে আমরা যা করার তা করবো।’