কাধে ঝোলানো একটি সাউন্ডবক্স। হাতে মাইক্রোফোন নিয়ে এক নাগারে বলে যাচ্ছিলেন দ্রব্যমূল্য হ্রাস, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকারের কথা। তার কথা কেউ শুনছেন না; কিন্তু তাই বলে থেমে যাননি তিনি। বলেই যাচ্ছিলেন।

অতি সাধারণ এক নারী তিনি। নাম ফিরোজা বেগম। পিতা মৃত আব্দুস সালাম। বাড়ি ভোলার চরফ্যাশনের নুরাবাদে। পেশায় একজন পান বিক্রেতা। কাওরানবাজার এলাকায়ই পান বিক্রি করেন। ওখানেই ফুটপাতে তার বসবাস। পঞ্চম শ্রেনী পর্যন্ত লেখা পড়া করেছেন। পান বিক্রি করেই তিনি সাউন্ড বক্স কিনেছেন। তিনি বলেন, দ্রব্যমূল্য যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষ অতিষ্ট। তাদের ত্রাহি অবস্থা। এই অবস্থার কথা চিন্তা করেই তিনি রাস্তায় নেমেছেন। তার কোন দল নেই কোন মত নেই। তিনি চান সুশাসন। ফিরোজা বলেন, সু শাসন না থাকার কারণেই সমাজের আজকের এই পরিস্থিতি।

মঙ্গলবার দুপুরের দিকে তিনি সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে একটি ব্যানার লাগিয়ে তার সামনে দাড়িয়ে বক্তব্য শুরু করেন। কেউ তার বক্তব্য শুনছে কি শুনছে তাতে তার কিছুই যায় আসে না। ৬ দফা বাস্তবায়নের দাবিতে তার এই অভিনব আন্দোলন। ফিরোজা বলেন, দুই বছর ধরে রাজধানীর বিভিন্ন স্থানে তার এই ব্যানার, ফেষ্টুন নিয়ে অবস্থান কর্মসূচী পালন করে আসছেন । ফিরোজার অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মানবাধিকার নিশ্চিত করতে হবে। যানজট নিরসন করতে হবে।