ছুটি না নিয়েই নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক কর্মস্থল ত্যাগ করেছেন ! নিয়মনীতি ভঙ্গ করে কর্মস্থল ত্যাগ করায় শিক্ষা অফিসসহ সংশ্লিষ্টদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। তিনি কবে অফিসে আসবেন, বিষয়টি কেউ বলতে পারেননি।
এদিকে, অফিসের কোনো কর্মকর্তার উপরও দায়িত্ব অর্পণ করেননি তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, অফিস না করেই বুধবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক নড়াইল ত্যাগ করেন। চাকুরি ক্ষেত্রে মাঝে-মধ্যে এমন অনিয়ম করার অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে।
এদিকে কয়েকজন শিক্ষক বুধবার জেলা শিক্ষা অফিসে গিয়ে এ কর্মকর্তার দেখা পাননি। এ পরিস্থিতিতে ভূক্তভোগী শিক্ষকেরা তাদের কাজ করতে পারেননি।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জেলা শিক্ষা কর্তকর্তার কর্মস্থল ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট বিভাগীয় অফিসের উপ-পরিচালকের কাছ থেকে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করতে হয়।
এ ক্ষেত্রে অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে ভারপ্রাপ্তের দায়িত্ব অর্পণ করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক নিভা রানী পাঠক জানান, কোন প্রকার ছুটি ছাড়াই তিনি (এ এস এম আব্দুল খালেক) কিভাবে কর্মস্থল ত্যাগ করলেন, এটা আমার বোধগম্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো সবেমাত্র নড়াইল থেকে আসলাম। খুলনার উপ-পরিচালকের (ডিডি) কাছ থেকে মৌখিকভাবে ছুটি নিয়েছেন বলে দাবি করেন তিনি।