গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, যার আয়ের উৎস্য অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ এবং হঠাৎ করে যিনি কোটি কোটি টাকার মালিক বনে যান; তার ওপর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া নিরাপদ নয়। এটি শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতই।
আওয়ামী লীগ লুটপাটের উদ্দেশ্যে উন্নয়ন কর্মকান্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। তিনি বুধবার টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে তার চাচা মগদম আলী সরকারের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তৃতাকালে এসব কথা বলেন।
মো. বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রকিব উদ্দিন সরকার পাপ্পু, শহীদুল্লাহ সরকার, এম.এ ফয়সল, মাসুদ সরকার, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, ফারুক হোসেন খান, ইউসুফ সরকার প্রমুখ।
তিনি আরো বলেন, মেয়র এম.এ মান্নানকে একের পর এক মিথ্যা মামলায় কারাগারে বন্ধী রেখে আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাটের মহোৎসব করেছে। আগামীতেও তারা সিটি করপোরেশনে কিভাবে লুটপাট করবে এখনই সেই ছক আঁকতে শুরু করেছে। তারা ক্ষমতা পেলে একহাতে চাঁদাবাজি করে; অপরহাতে টেক্সসহ জনগণের ওপর বিভিন্ন রেট বৃদ্ধি ও কমানোর নামে নিজেদের পকেট ভারি করবে ।
হাসান সরকার বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা প্রকৃতপক্ষে এলাকার উন্নয়ন চান না। তারা যে উন্নয়নের কথা বলছেন সেটি নিজেদের উন্নয়নের কথা, জনগণের টেক্সের টাকা লুটপাটের কথা। মেয়র মান্নানকে জনগণের টাকা খরচ করার সুযোগ দিলে আজ গাজীপুর নগরীর এই বেহাল অবস্থা হতো না।
আপনাদের ভোটে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পেলে আপনাদের প্রতিটি পয়সা আমানতের সহিত খরচ করবো। অতীতেও আপনাদের আমানতের খেয়ানত করিনি, আগামীতেও আপনাদের আমানত যথাযথভাবে রক্ষা করবো।





